আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সোমবার (১৯ জানুয়ারি) ‘এয়ার অফিসার্স সম্মেলনে’ বাংলাদেশ বিমান বাহিনীর সব সদস্যের প্রতি তিনি এ আহ্বান জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই সম্মেলনে এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনীর প্রত্যেক সদস্য আগামি দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলেও আশা প্রকাশ করেন।
ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমান বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাহিনী প্রধান। এ সময় তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। পরে তিনি সম্মেলনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশ নেন।