ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো কৌশল ব্যবহার করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন বিস্ফোরক দাবি করেছে নিউইয়র্ক টাইমস। পত্রিকাটির এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প প্রশাসন ইরানের অভ্যন্তরে সরাসরি সামরিক অভিযান চালানোর মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিকল্পগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলায় পরিচালিত একটি গোপন বিশেষ অভিযানের আদলে ইরানের ভেতরে কমান্ডো অভিযান চালানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এই পরিকল্পনার লক্ষ্য হতে পারে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি সাধন করা এবং সর্বোচ্চ নেতা খামেনির ক্ষমতার ভিত নড়িয়ে দিয়ে শাসনব্যবস্থাকে দুর্বল করে দেওয়া।
হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন কঠোরভাবে দমনের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে নতুন ও বিস্তৃত সামরিক বিকল্পের একটি তালিকা উপস্থাপন করা হয়েছে।
একদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্যে শক্তিশালী নৌবহর ও যুদ্ধজাহাজ মোতায়েন করে সামরিক চাপ বাড়াচ্ছেন, অন্যদিকে কূটনৈতিক পথে ইরানকে নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তেহরান এখনো কোনো ধরনের আপসের ইঙ্গিত দেয়নি। বরং যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাবে দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছে ইরান।