• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সাংবাদিকদের ডেটাবেজ তৈরি করা হবে: সংসদে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ৩ বার
আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করা এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডেটাবেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের ১৬তম দিনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের বিস্তার ঘটলেও ভুয়া সংবাদ ও অপপ্রচার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি জানান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যারেটিভ নির্মাণ, তথ্যনীতি ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেবে। প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা আয়োজনের কার্যক্রম চলছে। পাশাপাশি সাংবাদিক নেতাদের অংশগ্রহণে নিয়মিত কর্মশালা অনুষ্ঠিত হবে।

মন্ত্রী আরও বলেন, ফ্যাক্ট-চেকিং জোরদার করতে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে সেমিনার ও আলোচনার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তথ্য অধিদপ্তর থেকে গুজব প্রতিরোধে ২২টি ফটোকার্ড ও ১০টি তথ্যবিবরণী প্রকাশ করা হয়েছে।

প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী অপসংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ৮টি অভিযোগ বিচারাধীন। এছাড়া দেশের ৩২ জেলায় সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালাও আয়োজন করা হয়েছে।

সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরে ১ হাজার ১১০ জন সাংবাদিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং মেধাবী সন্তানদের বৃত্তি ও উৎসব সহায়তাও অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930