ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝে আলোচনার গুঞ্জন শোনা গেলেও, আপাতত পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাচ্ছে না ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ’ তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যতক্ষণ পর্যন্ত ইরানের ওপর আরোপিত ‘নৌ-অবরোধ’ (Naval Blockade) বহাল থাকবে, ততক্ষণ যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসার সিদ্ধান্ত তাদের নেই।
প্রতিবেদনে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে যে নৌ-অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে, তা কার্যকর থাকা অবস্থায় কোনো সমঝোতা দল পাঠাবে না তেহরান। ইরানি প্রতিনিধি দল এই শর্তে অটল রয়েছে যে, আলোচনার পরিবেশ সৃষ্টির আগে এই অবরোধ প্রত্যাহার করতে হবে।
এর আগে ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, সোমবার ইসলামাবাদে ইরানের সাথে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল উপস্থিত থাকবে। তবে তাসনিম নিউজের অনুসন্ধানে জানা গেছে, তেহরান এই বিষয়ে এখনও কোনো সবুজ সংকেত দেয়নি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি আলোচনার নামে অযৌক্তিক দাবি অব্যাহত রাখে এবং অবরোধ জারি রাখে, তবে তেহরান সময় নষ্ট করতে আগ্রহী নয়।