ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
চূড়ান্ত তালিকায় সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা হলেন- নুরননেসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার, নাজমুন নাহার, অধ্যাপক মাহফুজা, সাজেদা সামাদ, শামসুন্নাহার বেগম, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম (জুলাই শহিদ পরিবার), মনিরা শারমিন (এনসিপি), ডা. মাহমুদা আলম মিতু (এনসিপি), তাসমিয়া প্রধান ও ইঞ্জিনিয়ার মাহমুদা হাকিম।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ জানান, ঐক্যবদ্ধভাবে এই ১৩ জনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) তারা নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করবেন।