
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ক্ষত কাটিয়ে আশাতীত দ্রুত গতিতে নিজেদের সামরিক শিল্প ও শক্তি পুনর্গঠন করছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনএন-এর এক এক্সক্লুসিভ প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ৮ এপ্রিল থেকে শুরু হওয়া ছয় সপ্তাহের যুদ্ধবিরতির সুযোগ নিয়ে তেহরান ইতিমধ্যেই তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় শুরু করেছে, যা ওয়াশিংটনের প্রাথমিক অনুমান ও সময়সীমাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থার (IC) কর্মকর্তাদের উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ইরান তাদের যুদ্ধপূর্ব সামরিক সক্ষমতায় ফিরে যেতে গোয়েন্দা সম্প্রদায়ের নির্ধারিত সমস্ত সময়সীমা ছাড়িয়ে গেছে। একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, "ইরানিরা পুনর্গঠনের জন্য আমাদের দেওয়া সব টাইমলাইন পার করে গেছে।" মার্কিন গোয়েন্দাদের আগের ধারণা ছিল এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের দীর্ঘ সময় লাগবে। তবে বর্তমান গতি বজায় থাকলে আগামী মাত্র ৬ মাসের মধ্যেই ইরান তাদের ড্রোন হামলার পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করতে পারে।
গোয়েন্দা প্রতিবেদনে আরও জানা গেছে, ইরান মাটির নিচে লুকিয়ে রাখা এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও লঞ্চারগুলো উদ্ধার করে পুনরায় সচল করছে। সিএনএন-এর সূত্র অনুযায়ী, মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পরও ইরানের প্রায় ৫০ শতাংশ ড্রোন এবং উল্লেখযোগ্য পরিমাণ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও বিমান বিধ্বংসী ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে।