
বাংলাদেশে হামের বর্তমান প্রাদুর্ভাব সবার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তবে সরকারের জরুরি গণটিকাদান কর্মসূচির কারণে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত ‘দেশব্যাপী ‘হাম’ এর প্রাদুর্ভাব: চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের করণীয় এবং জনসচেতনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে বিএনপি সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। তিনি বলেন, বিগত সরকার গত ১৭ বছরে মেগা প্রকল্প ও মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল এবং স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি করেছে।
তিনি বলেন, দেশে আগে হাম ও চিকেন পক্স বেশি দেখা গেলেও এখন তা অনেক কমেছে। তাই আতঙ্কিত না হয়ে মনোবল ধরে রাখতে হবে।
তিনি জনগণের মধ্যে হাম প্রতিরোধের উপায় এবং শিশুদের পুষ্টি চাহিদা পূরণে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমের সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের গভর্নিং বডির চেয়ারম্যান, বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ এ কে এম আজিজুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ঢাকার পরিচালক অধ্যাপক ডা. মির্জা মো. জিয়াউল ইসলাম।