
সৌদি আরবের বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, জিলহজ মাসের শুরু থেকে মক্কা ও পবিত্র স্থানগুলোর বাজার এবং খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে ২৪ কোটি ৩০ লক্ষাধিক (২৪৩ মিলিয়নের বেশি) নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদন বলা হয়, হজ মৌসুমে হাজিদের দৈনন্দিন চাহিদা মেটাতে রুটি, বোতলজাত পানি, দুগ্ধজাত পণ্য এবং বরফসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে মন্ত্রণালয় অত্যন্ত তৎপর রয়েছে।
সরবরাহকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে ১২ কোটি ১৬ লক্ষাধিক বোতল পানি; ৮ কোটি ২২ লক্ষাধিক প্যাকেট দুগ্ধজাত পণ্য, জুস ও কোমল পানীয়; ৩ কোটি ১৩ লক্ষ পিস রুটি এবং ৭৯ লক্ষাধিক বরফের টুকরো (আইস ব্লক)। এই বিশাল চাহিদা বজায় রাখতে দৈনিক উৎপাদন ক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমানে প্রতিদিন ৩ কোটি ২৬ লক্ষাধিক বোতল পানি, ২ কোটি ৪৭ লক্ষাধিক প্যাকেট দুধ ও জুস, ৮৮ লক্ষ পিস রুটি এবং ২২ লক্ষ বরফের টুকরো ছাড়িয়ে গেছে।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তাদের মাঠ পর্যায়ের পরিদর্শক দল সমস্ত বাজার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কঠোরভাবে সরবরাহ পর্যবেক্ষণ ও তদারকি কার্যক্রম অব্যাহত রাখবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে এবং হাজিদের দেওয়া সেবার সামগ্রিক প্রস্তুতিকে আরও উন্নত করতেই এই ধারাবাহিক নিয়ন্ত্রণমূলক কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে।