
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ভেল্লাপাড়া তালতল এলাকায় যাত্রীবাহী লেগুনা ও দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ থেকে ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর মোট তিনজনের মৃত্যু হয়েছে।
আহত অবস্থায় ২৫ থেকে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, দুর্ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলে দায়িত্বরত কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ জানান, রাত পৌনে ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। ঘটনাস্থল থেকে অন্তত আটজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কর্ণফুলীর মইজ্জারটেক এলাকা থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।
অভিযোগ রয়েছে, দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে। এদিকে দুর্ঘটনার পর বাসবচালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।