
ময়মনসিংহে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের নিহত হয়েছেন।
শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের শিশু ছেলে রুহান।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম খবরের কাগজকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি ফুলপুরের দিকে যাচ্ছিল। আলালপুর এলাকা পর্যন্ত যেতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহাঙ্গীর ও তার শিশু ছেলে রুহান মারা যায়। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।