• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক : / ৫১ বার
আপডেট বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশে বর্তমানে পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমরা উন্নত দেশগুলোর পর্যায়ে এখনো যেতে পারিনি, গরিব অর্থনীতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সাসটেইনেবল না। এ মুহূর্তে পিআর ব্যবস্থায় যেতে বাংলাদেশ এখনো ততটা প্রস্তুত না। আগে গণতান্ত্রিক চর্চা বাড়াতে হবে। এতে জটিলতা তৈরি করা ছাড়া কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এটায় অন্তর্গত কোনো স্বচ্ছতা নেই।

তিনি আরও বলেন, আমাদের দলের বা অঙ্গ সংগঠনের নামে যারা অপরাধ করছে বলে প্রমাণিত হচ্ছে, তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে আজীবন বহিষ্কারও করা হচ্ছে।

চট্টগ্রামে ভাইরাল হওয়া চিকিৎসকের কাছ থেকে চাঁদাবাজি করা হয়নি দাবি করে রিজভী বলেন, নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তার ওপর কেউ হামলা করেনি, তিনি নাকে রং লাগিয়ে লাইভে এসে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।

রংপুরে সনাতন ধর্মাবলম্বী দু’জনকে পিটিয়ে হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, জনকল্যাণমূলক বিচারের মাধ্যমে যতবড় অপরাধীই হোক, বিচারের আওতায় আনতে হবে। উসকানিমূলক কথায় বেআইনিভাবে যেন কেউ প্রাণ না হারায় সরকারের এটা নিশ্চিত করতে হবে। এই কালচারে অনেক সুযোগসন্ধানী সুযোগ নেওয়ার চেষ্টা করছে।

রিজভী বলেন, বর্তমানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, মব কালচার চলছে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031