ব্যালটের পাঁচ পাতা আলাদা করতে সময় লাগছে বলে ফল গণনায় দেরি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
মঙ্গলবার (৯ সেপ্টম্বর) রাতে সংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ডাকসুর ব্যালটের যে পাঁচটা পাতা, সেটাকে মেশিনে দেওয়ার জন্য প্রথমে আলাদা করতে হচ্ছে। একটা বাক্স খোলার সঙ্গে সঙ্গে আলাদা করার কাজটা আগে করতে হচ্ছে। মূলত এ জন্যই সময় লাগছে।
মঙ্গলবার রাতের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলেও জানিয়ে তিনি বলেন, কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে। ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। সব কেন্দ্রে একসঙ্গে স্বচ্ছভাবে ভোট গণনা হচ্ছে। ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে অবশ্যই আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা হবে।