ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের ঢাকার গুলশানের ৮ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার ৪৯৫ টাকা মূল্যের একটি ফ্ল্যাট, ধানমন্ডির কার পার্কিং-বেইজমেন্টসহ আরেকটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের ১৬ একর জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আশিকুর রহমান এসব সম্পদ জব্দ এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, ফাহমী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ১১ লাখ ২০ হাজান ৫৭৩ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অর্জন করে দখলে রেখে এবং তার নামীয় ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৯৮ টাকা ও এক লাখ ৭১ হাজার ৬৪৬মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগে দুদক মামলা দায়ের করে।
তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়, ফাহমী গোলন্দাজ বাবেল তার নামীয় এসব স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। এসব সম্পদ যেন অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন, সেজন্য এসব স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।