ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করার দায়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান। এ ঘটনায় ম্যাজিস্ট্রেটের ওপর চড়াও হয়েছেন রুমিন ফারহানা। তিনি ম্যাজিস্ট্রেটকে বলেন, ‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাইখেন।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে রুমিন ফারহানা ক্ষুব্ধ হয়ে উঠেন। রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষ বারের মতো আপনাকে সর্তক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না।
এ সময় তিনি বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাইখেন। যাদের কথায় এখন আপনারা চলছেন শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকত। আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না।
হেনস্তার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, ‘নির্বাচন বিধিমালা-১৮ লঙ্ঘন করে তারা সমাবেশের আয়োজন করে। বিষয়টি নিয়ম বহির্ভূত হওয়ায় আমরা সেখানে গিয়ে তাদের সমাবেশ না করার জন্য বলি। তারা চলে যাওয়ার সময় সমাবেশের আয়োজক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সমাবেশ করতে না পেরে চলে যাওয়ার সময় ওই প্রার্থী আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।