ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালি নিয়ে ‘চালাকি’ ও ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে আসার পর ওভাল অফিসে শনিবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান।
প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন, গত ৪৭ বছর ধরে ইরান যেভাবে নানা কৌশল অবলম্বন করে আসছে, এবারও তারা কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরান আমেরিকাকে কোনোভাবেই ব্ল্যাকমেইল করতে পারবে না। ট্রাম্প বলেন, তারা পুনরায় জলপথটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না।
তবে হুঁশিয়ারি দিলেও ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প। পরিস্থিতির অগ্রগতি নিয়ে ইতিবাচক সুর মিলিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে এবং সবকিছু বেশ ভালোভাবেই এগোচ্ছে।
দিন শেষে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও তিনি গণমাধ্যমকে আশ্বস্ত করেন। ট্রাম্পের এই বক্তব্য তেহরানের ওপর চাপ বজায় রাখার পাশাপাশি কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখারই ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।