• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

দেশে বজ্রপাতে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৪৬ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

সারাদেশে বজ্রপাতে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার দেশের ছয় জেলায় এ ঘটনা ঘটে। জেলাগুলোর মধ্যে রয়েছে নওগাঁ, কুড়িগ্রাম, নাটোর, লালমনিরহাট, ময়মনসিংহ ও জামালপুর।প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে এখন পর্যন্ত এ তথ্য জানা গেছে। নিচে তুলে ধরা হলো-

নওগাঁ: জেলার মহাদেবপুর ও নিয়ামতপুরে উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। তারা সবাই মাঠে ধান কাটার কাজ করছিলেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দিলিপ চন্দ্র বর্মন মাঠে কাজ করছিল। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। নিহতের বাড়ি মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামে।

অন্যদিকে নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজন কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুইজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। একজন হাজিনগর ইউনিয়নে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে রফিকুল ইসলাম নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক রফিকুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে উপজেলার খাসিয়া পাড়া গ্রামে। সে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিয়ামতপুরে শ্রমিক হিসাবে ধান কাটতে আসছিল।

‎অপরদিকে, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান কেটে ঘরে নেওয়ার কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে অনুকূল চন্দ্র মোহন্ত নামে এক ব্যক্তি মারা যান। তার বাড়ি নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে।

এদিকে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগে নিহত প্রত্যেক ব্যক্তিকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী ও নিয়ামতপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক।

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. ওবাইদুল নামের এক কৃষকের মৃত্যু খবর পাওয়া গেছে। দুপুরে নাগেশ্বরী উপজেলার বদিজামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশ। নিহত ওবাইদুল ওই গ্রামের মো. আব্দুল হকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার ওপর পরে যায়, তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে, মাটিতে লুটিয়ে পরেন। পরে স্থানীয় লোকজন, তাকে উদ্ধার করে, দ্রুত হাসপাতালে নেয়ার পর, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর: জেলার লালপুরে পদ্মার চরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আজিজ মন্ডল ওই গ্রামের মসলেম মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে নিজ জমিতে কাজ করছিলেন কৃষক আজিজ মন্ডল। এসময় হঠাৎ করে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এতে তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ইউসুফ আলী (৩৫) নামে কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী ওই এলাকার আকবর আলী মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, ভুট্টাক্ষেতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এসময় তিনি দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করলে পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ: জেলার নান্দাইল উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাশিদ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুস বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুর রাশিদ পেশায় কৃষক। তিনি রাজাবাড়িয়া বাজারের পাশে ধান চাষ করেছিলেন। স্ত্রীকে নিয়ে আব্দুর রাশিদ ওই ধান কাটছিলেন। ধান কাটার সময় বৃষ্টিও হচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাতে আব্দুর রাশিদ গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন টের পেয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, এ ঘটনায় তার স্ত্রী অক্ষত আছে বলেও জানান তিনি।

জামালপুর: জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোহেল মিয়া নিজ ক্ষেতে ভুট্টা তুলছিলেন। হঠাৎ করে বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি ক্ষেতেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031