ইসির তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে প্রাথীর্দের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হবে আগামীকাল।
সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির পাঁচ নেত্রী।
মনোনয়নপত্র জমা দেওয়া নেত্রীরা হলেন, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম, নিপুন রায় চৌধুরী, মাহবুবা রহমান ও আন্না মিনজ। এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৪৬৪ জন।
ইসি জানিয়েছে, জাতীয় সংসদের আসন অনুপাতে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের ৩৬টি পাবে বিএনপি, ১৩টি পাবে জামায়াত জোট ও ১টি পাবে স্বতন্ত্র সদস্য। বিএনপি এই পাঁচজন ছাড়া ছাড়া অন্য কোনো দলের কেউ এখনো মনোনয়নপত্র জমা দেননি। বিএনপি ছাড়াও মনোনয়নপত্র নিয়েছে, জামায়াতে ইসলামী জোট ১৩টি, বাংলাদেশ খেলাফত মজলিশের একটি ও লেবার পার্টি (জামায়াত জোট) একটি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষদিন, বাছাই বুধ ও বৃহস্পতিবার, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ করা হবে ১২ মে।
ইসির কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত আসনের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দিলে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন হবে না। এখন পর্যন্ত সংরক্ষিত আসনে নির্বাচন করার রেকর্ড নেই।