• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ডুয়েটের নতুন ভিসির দায়িত্ব গ্রহণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : / ৩৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

সকালে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণের উদ্দেশে ডুয়েট ক্যাম্পাসে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে পুলিশ, শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত আট থেকে ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দায়িত্ব গ্রহণের উদ্দেশে ডুয়েট ক্যাম্পাসে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন ভিসির আগমন ঠেকাতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয় এবং ক্যাম্পাসজুড়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা টিয়ারশেল নিক্ষেপ করে।

সংঘর্ষে ইটের আঘাতে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনার রবিউল, সদর থানার ওসি (তদন্ত) মো: আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন, এক সাংবাদিকসহ অন্তত আট থেকে ১০ জন আহত হন। আহতদের মধ্যে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীও রয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের মুখে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে না পেরে পাশের গাজীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। বর্তমানে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে পুলিশি নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ডুয়েট ক্যাম্পাস ও আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে একজন শিক্ষক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে অভিযোগ করে বলেন, শিক্ষার মানোন্নয়নের উদ্দেশে নয়, বরং ডুয়েট উন্নয়নে চলমান কোটি কোটি টাকার প্রকল্পের অর্থ লোপাট করতেই একটি বিশেষ মহল ‘পেইড ভিসি’ ভাড়ায় এনেছে।

জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে নতুন ভিসি ক্যাম্পাসে ঢুকতে না পেরে উপজেলা পরিষদে আশ্রয় নিয়েছেন। এদিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়েও বহিরাগত প্রোভিসি নিয়োগকে কেন্দ্র করে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031