• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম

তুর্কি আকাশে নেতানিয়াহু নিষিদ্ধ

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৭৮ বার
আপডেট রবিবার, ৪ মে, ২০২৫

তুরস্ক তার আকাশসীমায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এমন এক সময়ে এই ঘোষণা আসল যখন তুরস্কের আকাশপথ ব্যবহার করে নেতানিয়াহুর আজারবাইজানে সফরে যাওয়ার পরিকল্পনা চলছে। এর ফলে ভালই বিপাকে পড়েছেন ইসরায়েলি এই নেতা।

তবে, এই নিষেধাজ্ঞার ফলে সরাসরি ফ্লাইটের পথ রুদ্ধ হলেও, আজারবাইজানের রাজধানী বাকুতে তার সফর সম্পূর্ণ বাতিল করা হয়নি। বরং বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে তিনি সফর চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

রোববার (৪ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে এ ধরনের জটিলতা এবারই প্রথম নয়।

এর আগেও, ২০২৪ সালের নভেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছিলেন। পরে জানা যায়, সেই সিদ্ধান্তের নেপথ্যেও তুর্কি আকাশসীমা ব্যবহার করতে না পারার বাধা ছিল।

প্রসঙ্গত, আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচলের সুবিধা সীমিত। সাধারণত তুরস্কের আকাশসীমা ব্যবহার করেই ইসরায়েলি নেতারা বাকু সফর করেন। তবে তুরস্ক এ পথ বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের জন্য বিকল্প পথ এখন কেবল সিরিয়া, ইরাক কিংবা ইরানের আকাশসীমা। কিন্তু এসব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কও শীতল বা বৈরী হওয়ায় তা নিরাপদ কিংবা সহজ নয়।

বিশ্লেষকদের মতে, গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের কঠোর অবস্থান ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি তুরস্ক সরকার গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার কড়া ভাষায় সমালোচনা করেছে এবং কিছু সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপও নিয়েছে।

উল্লেখ্য, আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করার ঘটনাকে শুধু কৌশলগত নয়, বরং রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেও দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ইসরায়েলের কূটনৈতিক কর্মকাণ্ড ও মধ্যপ্রাচ্যে তাদের গতিশীলতা সীমিত করার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আজারবাইজান সফরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি এভাবে বাধাগ্রস্ত হওয়া এ অঞ্চলে ভূরাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন। মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে দেশগুলোর পারস্পরিক সম্পর্ক এখন আরও জটিল হয়ে উঠছে, যার পরিণতিতে এমন কূটনৈতিক ও লজিস্টিক সংকট সামনে আসছে বারবার।

এই পরিস্থিতি ভবিষ্যতে ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তাও তুলে ধরছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031