জামালপুরের সরিষাবাড়ীতে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের মহর উদ্দিনের স্ত্রী। মহর আলী র্যাব-২ এর উপ পরিদর্শক (এসআই) পদে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকায় কর্মরত আছেন। শিমলা বাজার গণময়দানের পাশের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, রাত প্রায় তিনটার দিকে এ ঘটনা ঘটে। ভোর রাতে লিপি খাতুনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে কেউ তাকে হত্যা করে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে নিহত লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।