গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা আগুন দেখে দ্রুত গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।আগুন লাগার ভিডিও ও ছবি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ করেই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের দোতলায় কালো ধোঁয়া দেখতে পায়। এ সময় ভবনের দোতলায় আগুন জ্বলতে থাকে। পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার দ্রুত গিয়ে তাদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হয়।
আগুন লাগা কক্ষে গিয়ে দেখা গেছে, ভেতরে থাকা আবর্জনা ও ককশিট পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে এটি কেউ স্পষ্টত বলতে পারেনি।
সিঙ্গার শোরুমের ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ করেই তাদের গোডাউনের ছাদের ওপর কালো ধোঁয়া দেখতে পান। গোডাউনে আগুন লেগেছে ভেবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তিনি তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। কীভাবে আগুন লেগেছে, সেটিও তিনি বলতে পারেননি।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খাইরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আগুন লাগার কোনো খবর পাননি। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে দেখবেন।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আওয়ামী লীগ অফিসের দোতলার কক্ষে আবর্জনা ককশিট ছিটানো ছিল। কে বা কারা ধুমপান করতে গিয়ে হয়তো সাবধানতা বসত আগুন ফেলে থাকতে পারে। এতে ওই কক্ষের ককসিট পুড়ে যায়।