• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম

সাংবাদিক তুহিন হত্যায় দেশজুড়ে ফুঁসে উঠেছে সাংবাদিকরা

নিজস্ব প্রতিবেদক : / ২২৬ বার
আপডেট শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারাদেশে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ পালিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) এসব কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। সময়ের আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্য এখানে তুলে ধরা হলো—

বান্দরবান

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন বান্দরবানে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হন। রাষ্ট্র এ ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না। একইদিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। দ্রুততম সময়ে এসব ঘটনার সাথে জড়িতদের বিচার এবং নিহত তুহিনের পরিবারের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।
এ সময় বক্তব্য দেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, প্রবীণ সাংবাদিক ও প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা প্রমুখ।

নড়াইল

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ এবং আমামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন নড়াইলের স্থানীয় গণমাধ্যমকর্মীরা ।

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন নড়াইল প্রেসক্লাব।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এস এম আব্দুল হক, সহ-সভাপতি অ্যাড. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাভলু, সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন ও মলয় নন্দি প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের কালীবাড়ি মোড় বিজয় চত্বরে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসরাম, জেলা জামায়াতে আমীর প্রফেসর মো. রমজান আলী, কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, সিনিয়র সাংবাদিক আলম সারোয়ার টিটু, শফিকুল ইসলাম ফকির মতি, জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমেদ ফরিদ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শফিক কবীর প্রমুখ।

কালিহাতী

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় কালিহাতী প্রেসক্লাব ও কালিহাতী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

এতে বক্তব্য দেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মেদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, সাধারণ সম্পাদক মনির হোসেন,সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, কালিহাতী প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান শেলি, প্রেসক্লাবের সদস্য ফরিদ আহম্মেদ আব্বাসী, রিপোর্টার্স ইউনিটির দফতর সম্পাদক সেলিম রেজা স্বাধীন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর্মকার, সদস্য নাহিদ খান প্রমুখ।

গাইবান্ধা

গাইবান্ধায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবের উদ্যোগে শহরের ডিবি রোডে কাচারি বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, শুধু কলম বা ক্যামেরা দিয়ে নয়, এবার হাত মিলিয়ে প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। দেশজুড়ে প্রায়শই সংবাদকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়। সম্প্রতি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে ও গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাভেদ হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন, খায়রুল ইসলাম, রিক্তু প্রসাদ, লাল চান বিশ্বাস, সময় টিভির এসএম বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজ গাইবান্ধা প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, সাংবাদিক জান্নাতুল ইসলাম নাঈম, শাহীন নূরী প্রমুখ।

ঝিনাইদহ

ঝিনাইদহে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়। জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা সভায় অংশ নেন।

প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে টিভির এম রায়হান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, প্রথম আলোর আজাদ রহমান, এসএ টিভির ফয়সাল আহম্মেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এশিয়ান টিভির এম রবিউল ইসলাম রবি, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, সময় টিভির সোহাগ আলী, কামরুজ্জামান লিটন, অবজারভার পত্রিকার আবু জাফর রাজু, চ্যানেলটোয়েন্টি ফোরের সাদ্দাম হোসেন ও আমাদের সময় পত্রিকার খাইরুল ইসলাম নিরব প্রমুখ।

বক্তরা বলেন, যারা সাংবাদিক হত্যা করে তারা গণতন্ত্রের দুশমন। সময় এসেছে এই সন্ত্রাসীদের প্রতিহত করার।

নবীনগর
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মানববন্ধন হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নবীনগর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
বাসাইল

টাঙ্গাইলের বাসাইলে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে বাসাইল রিপোর্টাস ইউনিটির আয়োজনে এ সমাবেশ হয়।

রিপোর্টাস ইউনিটির সভাপতি ও বাংলা টিভির বাসাইল-সখিপুর প্রতিনিধি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে ও রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এবং দ্যা সাউথ এশিয়ান টাইমস পত্রিকার বাসাইল প্রতিনিধি মিলন ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটির প্রধান উপদেষ্টা চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম মিয়া, বিশিষ্ট ফুটবলার ও উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইউসুফ আলী খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করার এই দৃশ্য আইয়ামে জাহেলিয়ার যুগকেও হার মানায়। বাসাইলের সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অপরাধের সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায়ে আনতে হবে।

পলাশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৯ আগস্ট) সকালে পলাশ উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেয়তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামি গ্রেফতার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় বক্তব্য দেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. হাজি জাহিদ, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, সি.সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়া, দফতর সম্পাদক তারেক পাঠান, সময়ের আলোর পলাশ প্রতিনিধি বাইজিদ আহাম্মেদ প্রমুখ।

লালপুর

নাটোরের লালপুরে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা,ও সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে লালপুর ত্রিমোহনী চত্বরে এ মানববন্ধন হয়।

লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তরের লালপুর প্রতিনিধি প্রভাষক সাইন ইসলাম, সহ-সভাপতি সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, সহ-সভাপতি আব্দুর রশিদ মাস্টার প্রমুখ। এ সময় লালপুর উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রামগতি-কমলনগর

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের সদস্যরা।

শুক্রবার (৮ আগস্ট) রাতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে কমলনগর প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের আহ্বায়ক মুছাকালিমুল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব আমানত উল্যাহর পরিচালনায় ভায় প্রেসক্লাব নেতারা বলেন, গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করে। এ সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গাজীপুরের সাংবাদিক হত্যার বিচার ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ করা হয়। এ সময় চারটি দাবি জানানো হয়।

দাবিগুলো হচ্ছে, গাজীপুরে সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপত্তা ও কাজের সুরক্ষা নিশ্চিত করতে হবে; সাংবাদিক নির্যাতন, হুমকি ও দমন-পীড়নের বিরুদ্ধে একটি কার্যকর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে; সকল গণমাধ্যমকর্মীর জন্য স্বাধীন, নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তুলতে হবে।

লোহাগাড়া

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনে লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সময়ের আলো লোহাগাড়া প্রতিনিধি হোছাইন মেহেদীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক দৈনিক বায়ান্ন প্রতিনিধি খলিল চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি দৈনিক যুগান্তর প্রতিনিধি জাহদুল ইসলাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজ উদ্দিন, উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কলামিস্ট মোহাম্মদ হোসেন, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) কবি মোহাম্মদ সোলাইমান, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব সরওয়ার কামাল, প্রজন্ম লোহাগাড়ার পরিচালক মোহাম্মদ ফারুক, পল্লী চিকিৎসক হেলাল উদ্দিন ও ছাত্রনেতা সেলিম উদ্দিন প্রমুখ।

রাজবাড়ী

রাজবাড়ীতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সাংবাদিকরা ছাড়াও রাজনৈতিক, ব্যবসায়ী নেতা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফটিকছড়ি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব এ কর্মসূচি পালন করেন।

শুরুতে সাংবাদিক হত্যার প্রতিবাদে সদরের বাসস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় মিছিলটি। পরে সেখানে বিক্ষুদ্ধ সাংবাদিকরা মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটেই চলেছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা ক্রমেই বেড়েই চলেছে। সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর এটি নগ্ন আঘাত। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

পটিয়া

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের সুরক্ষ আইন বাস্তবায়নের দাবিতে পটিয়ায় মানববন্ধন হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে থানার মোড় চত্বরে এ মানববন্ধন হয়।

এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড শুধু ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও গণতন্ত্রকে আঘাত করে। দেশে মুক্ত সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে। বিএনপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করবে।

দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করে দেশে মতপ্রকাশের স্বাধীনতা আজ ভয়াবহভাবে সংকুচিত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকরা নিরাপদ না থাকলে জনগণের কণ্ঠস্বরও নিরাপদ থাকে না।

সাতক্ষীরা

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

একুশে টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম রফিক, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য গোলাম সরোয়ার, নির্বাহী সদস্য আমিরুজ্জামান বাবু, নির্বাহী সদস্য মুহা. জিল্লুর রহমান, মো. রবিউল ইসলাম, এম ইদুজ্জামান ইদ্রিস, শাহ আলম, খন্দকার আনিসুর রহমান, মীর আবু বকর, কে এম আনিছুর রহমান, শহিদুল ইসলাম, মো. ফিরোজ হোসেন, হাসানুর রহমান প্রমুখ।

নরসিংদী

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা মোড়ে (প্রেস ক্লাবের সম্মুখে) এ মানববন্ধন হয়।

এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যার শিকার হন। এর দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। সাংবাদিক সমাজ দেশের সব সাংবাদিকদের নিরাপত্তার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই।

দৌলতপুর

কুষ্টিয়ায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায় এড়াতে পারবে না।
বক্তারা সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ দেশে সংঘটিত সব সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031