• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ৫

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৬২ বার
আপডেট শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশের ডেরা ইসমাইল খান (ডিআইখান) জেলায় শান্তি কমিটির এক সদস্যের বাসভবনে আত্মঘাতী হামলায় অন্তত ৫ জন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে কুরেশি মোড় এলাকার কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়া রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফয়েজি এক বিবৃতিতে জানান, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুলেন্স, একটি ফায়ার ভেহিকল ও একটি ডিজাস্টার ভেহিকল ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম চলছে।

ডেরা ইসমাইল খান জেলার পুলিশ সুপার (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদা হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানান, শান্তি কমিটির নেতা নূর আলম মেহসুদের বাসভবনে হামলাটি ঘটে। ওই সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বিস্ফোরণটি একটি আত্মঘাতী হামলা ছিল। ঘটনার পর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রাদেশিক পুলিশ মহাপরিদর্শকের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার নির্দেশ দেন।

এর আগে চলতি মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় সশস্ত্র হামলায় শান্তি কমিটির ৪ সদস্য নিহত হন। এছাড়া ২০২৫ সালের নভেম্বরে একই জেলার শান্তি কমিটির একটি কার্যালয়ে হামলায় সাতজন নিহত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031