গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৬৮০টি পরিবারের মাঝে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার বদনীভাঙ্গা গ্রামে হান্নান জনসেবা সংগঠনের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড বিতরণ করা হয়।

জানা যায়, দেশের নিম্ন ও মধ্যআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত ফ্যামিলি কার্ড কর্মসূচির অংশ হিসেবে এ কার্ড বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় শ্রীপুরেও সুবিধাভোগী পরিবারগুলোর হাতে কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম। তিনি উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং সরকারের সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ডপ্রাপ্ত পরিবারের সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন কর্মসূচি তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কার্ডের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পেলে পরিবারের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে অনেকটা স্বস্তি ফিরে আসবে।
স্থানীয় সচেতন মহলের মতে, ফ্যামিলি কার্ড কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হলে হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নত হবে। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এ কর্মসূচি পরিচালিত হলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে এটি একটি কার্যকর সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে প্রতিষ্ঠিত হবে।