শক্তিমত্তায় দক্ষিণ আফ্রিকার চেয়ে ঢের এগিয়ে চেক প্রজাতন্ত্র। র্যাঙ্কিংয়েও এগিয়ে তারা। তবে মাঠের খেলায় তেমন আধিপত্য দেখাতে পারেনি দলটা। উল্টো আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়েছে প্রোটিয়ারা।
প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মূল্যবান একটি পয়েন্ট সংগ্রহ করেছে তারা। দুই দলের লড়াই শেষ হয়েছে ১-১ সমতায়।
আটলান্টায় বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল। দুই দলই বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। তাই আজ হেরে গেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন প্রায় শেষই হয়ে যেতো। তবে ড্র করায় স্বপ্ন যদিও বেঁচে রইল, তবে সমীকরণ কঠিন হয়ে উঠল।
র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার (৬০) থেকে ১৯ ধাপ এগিয়ে থাকলেও চেক প্রজাতন্ত্র (৪১) তেমন সুবিধা করতে পারেনি। অবশ্য ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে দক্ষিণ আফ্রিকা।
হ্লোজেকের বাড়ানো বল ধরে সোইকার সাথে ওয়ান-টু পাস করে নিচু শটে গোল করেন চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন সাদিলেক। এই বিশ্বকাপে এখন পর্যন্ত এটিই দ্রুততম গোল। মিখাল সাদিলেকের গোলটি ধরে রেখেই মাঝবিরতিতে যায় চেক প্রজাতন্ত্র।
বিরতির ঠিক আগে গোল শোধ করার ভালো সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সফল হতে পারেনি। এরপর দীর্ঘ সময় গোলের দেখা পায়নি কোনো দল।
তবে ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা। থাপেলো মাসেকোর নেওয়া শট ডি-বক্সের ভেতরে হাতে ঠেকান চেক প্রজাতন্ত্রের বদলি ডিফেন্ডার পাভেল শুলৎস। রেফারি সাথে সাথে পেনাল্টির নির্দেশ দেন।
দুই মিনিট পর স্পট-কিক থেকে নিখুঁত শটে গোল করে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান তেবোহো মোকোয়েনা। এরপর শেষ দিকে দুই দলই জয়ের গোলের খোঁজে মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি।
ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকে থাকল দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র—দুই দলেরই।
ম্যাচটিতে একাদশে বড় পরিবর্তন এনেছিল উভয় দল। চেক কোচ পাঁচটি পরিবর্তন করে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বেঞ্চে বসান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও একাদশে তিনটি পরিবর্তন আনে।