• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন মর্জিনা

নিজস্ব প্রতিবেদক : / ৪১ বার
আপডেট শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বেঁচে থেকে সরকারি নথিতে মৃত মর্জিনা। ঋণের টাকা থেকে মুক্তি পেতে নিজের ফুফাতো ভাই তাকে মৃত দেখিয়ে প্রত্যয়নপত্র সংগ্রহ করেছেন। এখন নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন মর্জিনা।

এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৬ নম্বর ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ঘটনার সূত্রপাত হয়। ভুক্তভোগী মর্জিনার ফুফাতো ভাই ইয়ামিন কৌশলে মর্জিনার জন্ম নিবন্ধনের ফটোকপি হাতিয়ে নেন। সেই কাগজ দিয়ে নিজের স্ত্রী সুমাইয়া আক্তারকে ‘মর্জিনা’ সাজিয়ে এনজিও থেকে মোটা অঙ্কের ঋণ নেন।

চলতি বছরের ১৯ মার্চ ইয়ামিনের স্ত্রী সুমাইয়া মারা যান। ঋণের টাকা যাতে না দিতে হয় সে জন্য জীবিত মর্জিনাকে মৃত স্ত্রী হিসেবে অভিহিত করে মৃত্যুর প্রত্যয়নপত্র সংগ্রহ করেন তিনি।

বর্তমানে নিজের অস্তিত্ব প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন মর্জিনা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি জ্যান্ত মানুষটা সামনে দাঁড়িয়ে কথা বলছি, অথচ সরকার বলছে আমি মরা! একজন মেম্বার যাচাই না করে কীভাবে আমার নামে মৃত্যুর সনদ দেন? আমি এই জালিয়াতির বিচার চাই।’

ভুল স্বীকার করে ধামঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ফিরোজ আহমেদ বলেন, তিনি সরল বিশ্বাসে ইয়ামিনকে প্রত্যয়নপত্র দিয়েছিলেন।

অন্যদিকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপির প্রশাসনিক কর্মকর্তার দাবি, ইউপি সদস্যের সই দেখেই তারা মৃত্যুর সনদ ইস্যু করেছেন।

ধামঘর ইউপির প্রশাসনিক কর্মকর্তা নাঈম সরকার জানিয়েছেন, মর্জিনার ‘মৃত’ সনদ বাতিল করে তার জন্ম নিবন্ধন পুনরায় সচল করার কাজ চলছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বী বলেছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930