চলমান যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির উপ শ্রমমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মদী। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আগে থেকেই ভঙ্গুর অবস্থায় থাকা দেশটির অর্থনীতি এই যুদ্ধের কারণে গভীর সংকটে পড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রাথমিক ধাক্কায় অন্তত ১০ লাখ মানুষ সরাসরি কাজ হারিয়েছেন। সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন বলে জানান তিনি।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের তেল-গ্যাস ক্ষেত্র, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম কারখানাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডিজিটাল অর্থনীতিও প্রায় স্থবির হয়ে পড়েছে।
ইরানের সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের সাবেক অর্থনীতিবিদ হাদি কাহালজাদেহ আশঙ্কা করছেন, দেশের মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক—অর্থাৎ প্রায় ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ মানুষের কর্মসংস্থান এখন ঝুঁকির মুখে রয়েছে।
এই পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠান পুনর্গঠনের লক্ষ্যে সরকার নতুন প্রশিক্ষণ ও নিয়োগ কর্মসূচি শুরু করেছে বলে জানিয়েছেন গোলাম হোসেন মোহাম্মদী। তিনি বলেন, এ বছর আমাদের লক্ষ্য শুধু সংখ্যা নয়, বরং গুণগত মানের দিকে। পুনর্গঠন কাজ, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল অর্থনীতির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।