বাংলাদেশ থেকে চলতি বছর নতুন করে ছয় হাজার দক্ষ চালক নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দুবাই ট্যাক্সি কোম্পানি। এর অংশ হিসেবে আজ সোমবার থেকে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে।
গতকাল রাজধানীতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাতের সময় মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের উদ্যোগের জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন কর্মীদের বেতন-ভাতা প্রদানের আহ্বান জানান মন্ত্রী। এ ছাড়া বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশাজীবী কর্মী নিয়োগের বিষয়েও অনুরোধ জানান।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। তারা বলেন, বাংলাদেশি কর্মীরা অত্যন্ত পরিশ্রমী হওয়ায় নিয়োগে তাদের অগ্রাধিকার দেওয়া হয়।
প্রতিনিধি দল আরও জানায়, দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারী চালকরা সফলতার সঙ্গে পেশায় যুক্ত আছেন। চলতি দফায় বাংলাদেশ থেকে আরও ১ হাজার ৫০০ জনসহ মোট ৬ হাজার চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এদিকে অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বাংলাদেশ থেকে দুবাইয়ে একজন চালকের যেতে বর্তমানে অনেক বেশি খরচ হয়। অনেকেই ঋণ করে বা কষ্ট করে এই খরচ বহন করেন। তাই অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমিত রাখার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই কোম্পানিতে কর্মী পাঠানোর একমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সি হিসেবে রয়েছে আল আনাস ওভারসিজ। তাদের প্রতিনিধিরা জানান, ভবিষ্যতে ড্রাইভার ছাড়াও ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক পদেও বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
সৌজন্য সাক্ষাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন প্রতিনিধি দল এবং মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।