ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে গ্যাসের বিষক্রিয়ায় ৪ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২০ মে) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- গলানিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ইমাম হোসেন (৩০), রোকন আলীর ছেলে হৃদয় মিয়া (২৫), দুলাল মিয়ার ছেলে মেহেদী (২২) এবং ধর্মতীর্থ এলাকার শুক্কুর আলীর ছেলে আরমান (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়ির সেপটিক ট্যাংকে হৃদয় ও মেহেদী কাজ করতে নামেন। দীর্ঘক্ষণ পরও তারা ওপরে না উঠলে তাদের খোঁজ নিতে ইমাম ও আরমান ট্যাংকে নামেন। পরে চারজনই বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যাংক থেকে ৪জনের মরদেহ উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি আরও জানান।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।