ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সব জায়গায় ধোঁকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে পারে না, যারা কুড়াল নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না। তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোন মিল নাই।
তিনি বলেন, নৌকা চালায় গরিবরা, লাঙ্গল চালায় গরিবরা, ধান কাটে গরিবরা। কিন্তু যারা নৌকা, ধান ও লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা কি গরিব? তবে তাদের সবার মার্কা গরিবের। আসলে নির্বাচনের জন্য তারা মার্কা নিয়েছে গরিবদের, কিন্তু একজনও গরিব না। তার মানে কথার সাথে কাজের মিল নেই। কিন্তু হাতপাখার যে নির্বাচন করে, সেও হাতপাখা ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে।
রোববার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর শহরের পাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত গণ-সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করিম আরও বলেন, হাতপাখা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন, কারণ কারেন্ট ফেল করে কিন্তু হাতপাখা ফেল করে না। এটা সবার প্রতীক, কেউ কারো মার্কা নিয়ে ঘুমায় না। নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ বুকে নিয়ে কেউ ঘুমায় না, লাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাতপাখা বুকের মধ্যে, কলিজার মধ্যে থাকে। তার মানে হাতপাখার বিজয় হলে দেশ বিজয় হবে, হাতপাখার বিজয় হলে জাতি বিজয় হবে, হাতপাখার বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে। সব মার্কা দেখা শেষ, হাতপাখার বাংলাদেশ।
গণ-সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে হাতপাখা মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী হাবিবুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলার সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।