বাগেরহাটের রামপালে মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে আটজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকি চারজনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা বাসটির বেলাই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন নারীসহ ১২ জন নিহত হন। স্থানীয় লোকজন এসে মাইক্রোবাসে থাকা আহত অন্তত পাঁচজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।