গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল জামালপুর জেলার মেলান্দহ থানার নূরের চর গ্রামের বাসিন্দা। তিনি মোগল আকন্দের ছেলে। সে ডেলকো ফার্মা নামক একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন এবং ফরিদপুর জেলায় দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে ঢাকা হয়ে নিজ বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার উদ্দেশ্যে রওনা হন মোস্তফা কামাল। পথিমধ্যে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষ হলে তার মোটরসাইকেলটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি ছিন্নবিচ্ছিন্ন হয়ে মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাওনা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি দেখা দেয়।
স্থানীয়রা জানান, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকা দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। বেপরোয়া গতির যানবাহন, অপরিকল্পিত পারাপার এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এদিকে সামনে ঈদুল ফিতরকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে চালক ও পথচারীদের আরও সচেতন হওয়া জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কে কঠোর নজরদারি, গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার দাবি জানান এলাকাবাসী।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত মোস্তফা কামালের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, সড়কে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।