কুমিল্লায় যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় নারী ও শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, যাত্রীবাহী মামুন পরিবহনের বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালী যাচ্ছিল। রাতে বাসটি জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে উঠলে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।
মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে, যোগ করেন কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক।
জানতে চাইলে কুমিল্লা সদর দক্ষিণ থানার উপ-পুলিশ পরিদর্শক জনি বড়ুয়া জানান, দুর্ঘটনাস্থলে সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এদিকে ট্রেনটিকে উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।