প্রধানমন্ত্রী তারেক রহমান মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে বাংলাদেশের সংহতি প্রকাশ করে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল সোমবার দোহায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ওই চিঠি হস্তান্তর করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চিঠিতে প্রধানমন্ত্রী বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেছেন। চিঠিতে তারেক রহমান কাতার সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান, যারা দেশটিতে বসবাসরত প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ওকল্যাণ নিশ্চিত করছে। তিনি আরও পুনর্ব্যক্ত করেন যে, যে কোনো প্রয়োজনে বাংলাদেশ কাতারের পাশে থাকবে।
প্রধানমন্ত্রী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন, ২০২৫ সালের জানুয়ারি ও মে মাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জরুরি চিকিৎসার জন্য লন্ডনে যাতায়াতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করায় কাতারের আমিরের উদারতার কথা। সাক্ষাৎকালে উপদেষ্টা হুমায়ুন কবির আঞ্চলিক শান্তি, সংলাপ ও মানবিক কূটনীতিতে কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
দুই কর্মকর্তা দ্বিপাক্ষিক ‘অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ’ সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, উপদেষ্টা কাতারের শ্রম প্রতিমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় তিনি সম্প্রতি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় শ্রম প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ এক আত্মীয়ের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।