দেশে পেশাদার আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এরই মধ্যে তিনি আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ বার কাউন্সিল’র প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গতকাল এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল সূত্র।
এর আগে গত শুক্রবার মধ্য রাতে এক ফেসবুক পোস্টে ব্যারিস্টার জাইমা রহমান নিজে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তথ্য জানান।
প্রসঙ্গত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় নাতনি ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন ও রাজনীতি বিষয়ে স্নাতক এবং ২০১৯ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৯২০১ জন পরীক্ষার্থী। শুক্রবার রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই সংক্রান্ত ফলাফল প্রকাশিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন। মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাক্টিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।
এদিকে একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজলের কন্যা আদিবা রূহুল।