রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নয়, গুলশান অ্যাভেনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে নিজের বাসায় থাকবেন। সরকারি বাসভবন যমুনায় উঠছেন না।
এর কারণ তুলে ধরে আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান গুলশানের নিজের যে ছোট বাসাটি তাতে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেজন্য তারেক রহমান দেশে ফেরার পর এই বাসায় উঠেছেন। সেই ভাবে বাসাটি সাজানো-গুছানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান যমুনায় উঠবেন কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে যমুনায় রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করার পরিকল্পনা নিয়েছে সরকার। এর পর গণমাধ্যমে খবর আসে, ঈদের পর সেখানে প্রধানমন্ত্রীর বসবাস শুরু করার প্রস্তুতিও চলছে। আজ বিষয়টি স্পষ্ট করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।
আতিকুর রহমান রুমন জানান, পবিত্র ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করবেন।
নামাজ শেষে সকাল ১০টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে তিনি পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন, যোগ করেন অতিরিক্ত প্রেস সচিব।
উল্লেখ্য, ১৭ বছরের নির্বাসন ভেঙে গেল বছরের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরে গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে সপরিবারে ওঠেন তারেক রহমান, এর পর থেকে সেখানেই বাস করছেন। পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িটিতে থাকতেন তার মা প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।