মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ উপেক্ষা করে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ইরানে ফিরেছে দেশটির তিনটি বিশাল তেলের ট্যাঙ্কার। আন্তর্জাতিক ট্যাঙ্কার ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
তিবেদনে বলা হয়েছে, গত দুই দিনে খালি অবস্থায় এই ইরানি পতাকাবাহী ট্যাঙ্কারগুলো মার্কিন নৌ-অবরোধ ভেঙে পাকিস্তানের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ (EEZ) বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে। আন্তর্জাতিক সমুদ্রসীমায় মার্কিন নজরদারি এড়িয়ে এই ট্যাঙ্কারগুলোর ইরানে ফিরে যাওয়ার ঘটনাটিকে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির মাধ্যমে তিনটি ট্যাঙ্কারের মধ্যে দুটির অবস্থান নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই জাহাজগুলো কোনো গোপন গন্তব্যে তেল খালাস করে সফলভাবে নিজেদের বন্দরে ফিরে এসেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই তিন ট্যাঙ্কারের সফল প্রত্যাবর্তনকে ইরানের কৌশলগত বিজয় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।