ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে মাঠে নামছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বয়স অনুযায়ী বলা যেতে পারে, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। শেষ বিশ্বকাপে ট্রফি উঠুক মেসির হাতেই, অনেকের এমন চাওয়া থাকলেও তেমনটি চাইছেন ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।
নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই সেন্টারব্যাক এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আশা করছি মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার অন্য কেউ জিতুক।’
মেসির হাতে কেন শিরোপা দেখতে চান না, তার কারণও ব্যাখ্যা করেছেন ড্যান বার্ন। তিনি বলেন, ‘মেসি ফুটবলের প্রায় সবই জিতেছে। এবার বাকিদের সুযোগ পাওয়া উচিত। ফুটবল দেবতারাও চাইবেন, এবার নতুন কোনো দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের উত্তেজনাই কমে যাবে।’
ইংলিশ ফুটবলার ড্যান বার্ন
ইংলিশ ফুটবলারের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই মনে করছেন, তিনি কেবল নিজের মত প্রকাশ করেছেন। আবার অন্যদের মতে, আর্জেন্টিনার শক্তি ও মেসির প্রভাবকে কেন্দ্র করেই এমন প্রতিক্রিয়া এসেছে, যেখানে ইউরোপীয় দলগুলোর চাপ স্পষ্ট।
আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।