মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, ৬ জনের মৃত্যুনিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুুরের ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
ওসি জানান, মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে চাপা দিলে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রী এবং পরে আরও তিন জনসহ ছয় জনের মৃত্যু হয়। আহত হয়েছেন কমপক্ষে দশ জন।
খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল।