আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা হোসেইনি খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩ মার্চ) ইসরায়েলি গণমাধ্যম জানায়, ইরানের বিশেষজ্ঞ পরিষদ মোজতবাকে খামেনির উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছে।
৩৬ বছর ধরে দেশ শাসনকারী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। তার সঙ্গে তার মেয়ে, জামাতা এবং নাতনীও নিহত হন। হামলার এক দিন পর আহত খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহও মারা যান।
ইরানের বিপ্লবী গার্ড টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, খামেনিকে পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে এবং তেহরানে একটি বড় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে, সমাধির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
খামেনির কোনো মনোনীত উত্তরসূরি ছিল না। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই-এর সমন্বয়ে গঠিত তিন সদস্যের ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ পরবর্তী উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছিলেন। -এনডিটিভি