অবশেষে ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দিল সরকার। লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে। ভোজ্যতেল মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার (৭ ডিসেম্বর) জানানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হলো। যা সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
সংগঠনের প্রেস রিলিজে বলা হয়েছে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের খুচরা পর্যায়ে নতুন দাম হচ্ছে ১৯৫ টাকা, যা আগে ছিলো ১৮৯ টাকা। ৫ লিটারের নতুন দাম ৯৫৫ টাকা। এটা আগে ছিলো ৯২২ টাকা। খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা, যা আগে ছিলো ১৭০ টাকা। পামতেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা। নতুন দাম সোমবার থেকে বাজারে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, মিলমালিকরা গত সেপ্টেম্বর মাস থেকে সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব করে। কিন্তু সরকার তাতে সাই দেয়নি। গত রবিবার থেকে আবারও তারা বোতলজাত প্রতি লিটারে ৯ টাকা ও খোলা তেলে ৫ টাকা বাড়িয়ে বাজারে বিক্রি শুরু করেন। যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে গত বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়ে তিনি বলেন ‘ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছেন এর আইনগত কোনো ভিত্তি নেই। কোম্পানিগুলো সামগ্রিকভাবে একত্রিত হয়ে এ কাজটি করেছে। সরকারের সিদ্ধান্ত ছাড়া বেশি দামে বিক্রি করার কারণে তাদের সবাইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই সঙ্গে মিটিংয়ের জন্য রবিবার আমন্ত্রণও জানানো হয়। গতকালের সেই মিটিংয়ে সরকার তেলের দাম লিটারে ৬ টাকা বাড়ানোর অনুমতি দেয়।