মাত্র একমাসের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে দেশের ১৯৮ শিশু। যার বড় অংশের মৃত্যু হয়েছে রাজধানী ঢাকায়। এমনকি গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে তিনজনই ঢাকার। হাম নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত একজন এবং উপসর্গ আরও দুই শিশুর মারা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাম রোগের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৪ শিশুর। এই মিছিলে যোগ তিনজন যোগ হওয়ায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে।
এদিকে, এখন পর্যন্ত মোট ১৯ হাজার ১৬১ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া যায়। তাদের মধ্যে ১২ হাজার ৩১৮ শিশু হাসপাতালে ভর্তি হয়। কিন্তু ২ হাজার ৯৭৩ শিশুর মধ্যে হাম শনাক্ত হয়েছে। এই একমাসে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে মোট ৯ হাজার ৭৭২ শিশু।
সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া যায়। যার মধ্যে ৫০৫ জনই ঢাকার।